অনেকটা সময় পর নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী খুরশিদ আলম। ‘বাবা-ছেলের গান’ শীর্ষক এ গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন এই প্রজন্মের মেধাবী গায়ক মোমিন বিশ্বাস। সম্প্র্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন সামছুল প্রথম। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। গানটিতে কণ্ঠ দিয়ে বেশ আনন্দিত
খুরশিদ আলম। তিনি বলেন, খুব সুন্দর কথা-সুরের গান। বাবা-ছেলের আবেগী কথামালার এমন গান এখন কম হয়। সেদিক থেকে গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আর মোমিন এ প্রজন্মের খুব ভালো একজন শিল্পী। তার সঙ্গে গানটি গেয়েছি। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে। গানটি প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, অনেক দিনের সুপ্ত একটি ইচ্ছা পূরণ হলো আলহামদুলিল্লাহ্। বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি খুরশিদ আলমের সঙ্গে প্রথমবার একটি মৌলিক গান গাওয়ার সৌভাগ্য হলো। বাবা-ছেলের গল্প নিয়ে করা হয়েছে গানটি। বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই বরেণ্য শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা লিনু বিল্লাহ’র প্রতি। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।
