এশিয়ার জলসীমায় তিনটি ইরানি তেলের ট্যাঙ্কার জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। ডনাল্ড ট্রাম্প সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করার পর এই আটকের ঘটনা ঘটলো। অন্যদিকে ইরান পারস্য উপসাগরের প্রবেশপথে থাকা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে কয়েকটি জাহাজের ওপর গুলি চালিয়েছে। প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশে ব্যাঘাত ঘটেছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে একটি ইরানি পণ্যবাহী জাহাজ এবং একটি তেল ট্যাঙ্কার আটক করেছে। ইরান জানিয়েছে, বুধবার তারা হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগর পার হবার চেষ্টাকারী দুটি পন্যবাহী কন্টেইনার জাহাজ এবং আরেকটি জাহাজ আটক করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তাদের প্রথম আটক করার ঘটনা।
যুক্তরাষ্ট্র যে তিনটি জাহাজ আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে সেগুলো মধ্যে একটি ছিল ইরানের পতাকাবাহী ডিপ সি সুপারট্যাঙ্কার, যেটি আংশিকভাবে অপরিশোধিত তেল বোঝাই ছিল এবং মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের জাহাজ ট্র্যাকিং ডেটা ও সূত্র অনুযায়ী, এক সপ্তাহ আগে মালয়েশিয়ার উপকূলের কাছে এটিকে শেষবার দেখা গিয়েছিল। অপেক্ষাকৃত ছোট ইরানি পতাকাবাহী সেভিন জাহাজটিকেও আটক করা হয়, যেটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ১০ লাখ ব্যারেল এবং এটি তার মোট বোঝার ৬৫ ভাগ বহন করছিল। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, জাহাজটিকে এক মাস আগে মালয়েশিয়ার উপকূলের কাছে শেষবার দেখা গিয়েছিল।
ইরানের পতাকাবাহী সুপারট্যাঙ্কার ডোরেনাকেও আটক করা হয়, যেটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলে সম্পূর্ণ বোঝাই ছিল এবং মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের জাহাজ ট্র্যাকিং ডেটা ও সূত্র অনুযায়ী, তিন দিন আগে দক্ষিণ ভারতের উপকূলের কাছে এটিকে শেষবার দেখা গিয়েছিল। সেন্টকম বুধবার একটি পোস্টে জানিয়েছে যে, অবরোধ লঙ্ঘনের চেষ্টার পর ডোরেনা জাহাজটি ভারত মহাসাগরে একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের পাহারায় রয়েছে।
সামুদ্রিক জাহাজ চলাচল বিষয়ক সূত্র থেকে জানা যায়, মার্কিন বাহিনী ইরানের পতাকাবাহী ডেরিয়া ট্যাংকারটিকে আটক করেছে। রবিবার ইরানের অপরিশোধিত তেল ক্রয়ের ওপর মার্কিন ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগে জাহাজটি ভারতে তার ইরানি তেলের চালান খালাস করতে ব্যর্থ হয়। মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ শুক্রবার ভারতের পশ্চিম উপকূলে দেখা গিয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড(সেন্টকম) বুধবার জানায়, ইরানের বন্দরে প্রবেশকারী বা বন্দর ত্যাগকারী জাহাজগুলোর ওপর অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী কমপক্ষে ৩১টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে বা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন বাহিনী তাদের আটক করা জাহাজের তালিকা প্রকাশ করেনি। মার্কিন নৌবাহিনী অভিযান চলাকালীন ভাসমান মাইনের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালি থেকে দূরে এবং উন্মুক্ত সমুদ্রে ইরানি জাহাজগুলোকে আটক করছে।
