লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

ফন্ট সাইজ:

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে একজন সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে ইসরাইল হামলা চালায়। এতে গাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন। এ তথ্য জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে দুটি গাড়িতে হামলা চালিয়েছে, যেগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বেরিয়ে আসছিল।

এনএনএ জানায়, একই গ্রামের একটি ভবনে বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া এক সাংবাদিক আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের কর্মী আমাল খলিলকে পরে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এ নিয়ে গত ২দিনের মধ্যে দক্ষিণ লেবাননে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো। আমাল খলিল এবং জয়নাব ফারাজ আত-তিরি শহরে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলার ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে ড্রোন হামলায় দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন বলে জানা গেলে তারা খবর সংগ্রহ করতে যান।

এলাকাটিতে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় তারা দীর্ঘ সময় সেখানে আটকা থাকেন। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। আহত আরেক সাংবাদিক ফারাজকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, ইসরাইল সাংবাদিকদের আশ্রয় নেওয়া ভবনটিকে লক্ষ্যবস্তু করে তাদের পিছু ধাওয়া করেছিল। এনএনএ জানিয়েছে যে, দুই সাংবাদিকের কাছে অ্যাম্বুলেন্স দলের পৌঁছানো ঠেকাতে শহরটির সঙ্গে হাদ্দাথা সংযোগকারী প্রধান সড়কেও দখলদার ইসরাইল হামলা চালায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন