মোবাইলফোন নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকায় মোবাইলফোন নিয়ে বিরোধের জেরে সংঘটিত ফয়সাল মোল্লা (৩৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিপ্লব হাসান বিপু (২৮)। ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ই এপ্রিল আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকায় ফয়সালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। বুধবার রাজধানীর উত্তরা পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি বলেন, গত ১৫ই এপ্রিল ঢাকার আশুলিয়া থানাধীন শ্রীখণ্ডিয়া এলাকায় ফয়সাল মোল্লা নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে বিপ্লব হাসান বিপু এবং মো. মাসুদসহ অজ্ঞাতনামা আরও ১/২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পর এজাহারভুক্ত আসামি বিপ্লব হাসান বিপু ও মাসুদ পালিয়ে যায়। পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। পিবিআইয়ের তদন্ত টিম গত ১৯ ও ২০শে এপ্রিল ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে বোয়ালমারীর সতৈর থেকে বিপ্লব হাসান বিপুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বিপ্লবের দেয়া তথ্য মতে, আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকায় কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছেনি দা ২১শে এপ্রিল সকালে উদ্ধার করে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, নিহত ফয়সাল গ্রেপ্তার বিপ্লব হাসান বিপু এবং এজাহারভুক্ত আসমি মাসুদের দূর সম্পর্কের মামাতো ভাই। দীর্ঘদিনের বিরোধ ও ক্ষোভের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন