প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটি। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন- মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সাক্ষাতে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে স্কাউটসের কর্মপরিকল্পনা শুনেন এব তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান- অতিরিক্ত প্রেস সচিব। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেয়া হয়। বৈঠকে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। সাক্ষাতে শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহসানুল হকসহ জাতীয় স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
