হাত মেলালেন না ভারত-পাকিস্তানের মেয়েরা

হাত মেলালেন না ভারত-পাকিস্তানের মেয়েরা

ফন্ট সাইজ:

মাঠের লড়াইয়ে পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়লেন ভারতীয় বোলাররা। এরপর রান তাড়ায় নেমে মাত্র ১০.১ ওভারেই জয় নিশ্চিত করলো ভারত। তবে ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ ক্রিকেটের চেয়েও বেশি নজর কেড়েছে দুই দলের খেলোয়াড়দের আচরণ। গত বছরের সেপ্টেম্বর থেকে ছেলেদের ক্রিকেট দিয়ে শুরু হওয়া ‘হাত না মেলানোর’ রীতি বজায় রাখলেন দুই দেশের নারী ক্রিকেটাররাও। টসের সময় পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ ও ভারত অধিনায়ক রাধা যাদব একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই মাঠ ছাড়েন।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ। কিন্তু ভারতীয় বোলারদের তোপে ১৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল। ওপেনার শাওয়াল জুলফিকারের ২৩ এবং গুল রুখের ২১ রান ছাড়া মিডল অর্ডারের কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। আনোসা নাসির শেষ দিকে ১৭ রান করলে কোনোমতে ৯০ পার হয় পাকিস্তান।

৯৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় ওপেনার দীনেশ ভৃন্দার শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ১০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ভৃন্দার ২৯ বলে অপরাজিত ৫৫ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা প্রথা অনুযায়ী একে অপরের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ত্যাগ করেন।


আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির আচরণবিধিতে খেলোয়াড়সুলভ আচরণের কথা বলা হলেও ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক-এমন কোনো নিয়ম নেই। মূলত সৌজন্যের প্রতীক হিসেবেই ক্রিকেটাররা এটি করে থাকেন। কিন্তু দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বৈরিতার প্রভাব এখন মাঠের ক্রিকেটেও বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন