জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন অভিনয় ও সংগীত তারকা তাহসান খান। এর আগেও সংস্থাটির শুভেচ্ছাদূত ছিলেন তিনি। সে ধারাবাহিকতায় গতকাল আনুষ্ঠানিকভাবে তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে। তাহসান খান বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার পর ৯ বছর পার হয়ে গেছে। একটি সুন্দর সমাধান না আসা পর্যন্ত তাদের প্রতি সবারই সহানুভূতিশীল থাকা প্রয়োজন। কাজ করতে গিয়ে আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি, যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রাণিত করে। আমি তাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে ২০২১ সালে নিয়োগ পান তাহসান খান। এরপর থেকেই তিনি সংস্থাটির হয়ে সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তার সম্পৃক্ততা এমন এক সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা এই সময়ে আমাদের সবার প্রয়োজন। এদিকে, গত কয়েক বছরে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন, সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতে
অংশগ্রহণ করেছেন।
