ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে এক বিরল ঘটনার দেখা মিললো। পিচের বিপজ্জনক আচরণের কারণে সেখানে মাঝপথে ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে লিওয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ-টোবাগোর মধ্যকার ম্যাচে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পিচে অস্বাভাবিক ও অসমান বাউন্সের কারণে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় আম্পায়াররা তৃতীয় দিনে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন।
ঘটনার সূত্রপাত পেসার জেইডেন সিলসের একটি ডেলিভারিতে। তার করা একটি বল আচমকা লাফিয়ে উঠে লিওয়ার্ড আইল্যান্ডসের ব্যাটার জেরেমিয়া লুইসের হেলমেটে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ব্যথায় ও ক্ষোভে উঠে দাঁড়িয়ে নিজের হেলমেটে লাথি মেরে মাঠ ছাড়েন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে লুইসের অবস্থা স্থিতিশীল। এর কিছুক্ষণ আগেই বিশালদেহী অলরাউন্ডার রাকিম কর্নওয়ালও কাঁধে চোট পান। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে সিলস একাই শিকার করেন ৭ উইকেট। পরে পিচকে ‘খেলার অনুপযুক্ত’ ও ‘বিপজ্জনক’ ঘোষণা করার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ম্যাচটি ড্র ঘোষণা করে। সংস্থাটি এক বিবৃতিতে বলে, ‘পিচ নিরাপদ অবস্থায় ফেরানো সম্ভব ছিল না। সেটি করলে ম্যাচের ভারসাম্যও নষ্ট হতে পারত। তাই নিয়ম মেনেই ম্যাচ পরিত্যক্ত করা হয়।’
তবে আড়াই দিন খেলা চলার পর কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রিনিদাদ কোচ রায়াড এমরিট। তার মতে, প্রথম দিন থেকেই পিচ অস্বাভাবিক আচরণ করছিল। উল্লেখ্য, আগামী মে মাসে এই মাঠেই চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি নিরাপদ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পিচ প্রস্তুত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেছে সিডব্লিউআই।
