হরমুজ প্রণালিতে অন্তত দুইটি জাহাজে বুধবার (২২ এপ্রিল) হামলার ঘটনা ঘটেছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘গান বোট’ থেকে এসব হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ইউকেএমটিও বলছে, প্রথম হামলাটি ওমানের ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটেছে। প্রথমে আইআরজিসির গান বোট জাহাজটির কাছে আসে এবং গুলি ছুড়ে। এতে জাহাজটির কমান্ড ডেকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জাহাজের সকল ক্রু নিরাপদে আছেন।
একই দিনে দ্বিতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে ইরানের ৮ নটিক্যাল মাইল পশ্চিমে। সেখানে একটি কার্গো জাহাজে গুলি ছোড়া হয়। জাহাজটি এখন জলসীমায় আটকে আছে বলে জানিয়েছে ইউকেএমটিও।
ইউকেএমটিও নিশ্চিত করেছে, দ্বিতীয় এই জাহাজে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ক্রুরাও নিরাপদে আছেন।
এদিকে আইআরজিসি বলছে, তারা হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা চালিয়েছে। এরমধ্যে দুইটি জাহাজকে তারা জব্দ করেছে বলে দাবি করেছে।
আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইউফোরিয়া জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, জাহাজটি এখন ইরানি উপকূলে আটকে রাখা হয়েছে।
এ ছাড়া ইরানি মিডিয়ার খবরে আরও বলা হয়েছে, এমএসসি ফ্রান্সেকা এবং ইপামিনোন্দাস জাহাজ জব্দ করা হয়েছে এবং এই দুইটি জাহাজকে ইরানি উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
