যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানাল ইসলামাবাদ, আলোচনায় অগ্রগতির আশা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানাল ইসলামাবাদ, আলোচনায় অগ্রগতির আশা

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। আশা প্রকাশ করেছে, ইসলামাবাদে চলমান কূটনৈতিক প্রচেষ্টা একটি বিস্তৃত শান্তি চুক্তিতে পৌঁছাতে সাহায্য করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শোহবাজ শরিফ এক্সে দেয়া এক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত ইসলামাবাদের অনুরোধে নেয়া হয়েছে এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের অনুরোধ গ্রহণ করে যুদ্ধবিরতি বাড়িয়েছেন, যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তান আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তার ভাষায়, আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার ভিত্তিতে পাকিস্তান আন্তরিকভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে এবং ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় একটি ‘সমগ্র শান্তি চুক্তি’র দিকে এগোবে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এর মেয়াদ বাড়িয়ে দেন অনির্দিষ্টকাল পর্যন্ত। তিনি বলেন, পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া যায় এবং তেহরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব প্রস্তুত করতে পারে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, দুই সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধবিরতি ইরান প্রস্তাব জমা না দেয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের বাহিনী প্রস্তুত অবস্থায় থাকবে এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রাখা হবে।

এমন সিদ্ধান্তের মধ্যে ইসলামাবাদ দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিগগিরই পাকিস্তান সফর করবে। অ্যাক্সিওসের মতে, এই দলে ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফও থাকতে পারেন। অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানোর খবর অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন