ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং ব্যক্তিগতভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ বিকাল চারটায় শেষ হয়েছে। আমরা এখানে বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি মনোনয়নপত্র পেয়েছি। এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। উনার নাম হচ্ছে মিস সুলতানা জেসমিন।
আর এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি। শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন্ নেসা ও মাহবুবা রহমান। এই তিনজনে আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। উনারা নিজেদের মতো করে নিজেরা জমা দিয়েছে। এটা আমরা যখন বাছাই করবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। মঈন উদ্দীন খান বলেন, আমাদের এই তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে ২২ ও ২৩শে এপ্রিল। ২২শে এপ্রিল বিকাল ২ টা থেকে ৪টা, ২৩শে এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাছাই হবে। আর এরপরে বাছায়ের বিরুদ্ধে আপিল করা যাবে মাননীয় কমিশনের নিকট। এটা হচ্ছে ২৬শে এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮শে এপ্রিল। এটা হবে সকাল ১১টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০শে এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই মে। জাতীয় নির্বাচনে যখন ভোট হয় সেই প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা এবং সংরক্ষিত নারী আসনের ভোটের যোগ্যতা-অযোগ্যতা একই কি না- কেউ যদি সরকারি কোনো পদে থাকেন বা সরকারি যদি কোনো কর্মকর্তা হন কতোদিন পর সে নির্বাচন করতে পারবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডকুমেন্ট দেখে ডিসিশন দিবো। মনোনয়নপত্র আমরা যাচাই-বাছাই করবো।
নিয়মটা কী-এমন প্রশ্নের জবাবে মো. মঈন উদ্দীন খান বলেন, মনোনয়নপত্র দেখতে হয়, দেখার পর ডিসিশন দিতে হয়। বিধিটা কী, আইনটা কী-এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) যেভাবে বলা আছে এখানে সেটাই প্রযোজ্য। অন্য এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ২২শে এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের মনোনয়ণপত্র বাছাই হবে। পরের দিন বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই হবে।
আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন ও জোটের মধ্যে আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্রদের মোর্চা একটি আসন পাচ্ছে। প্রার্থীর সংখ্যা বেশি না হলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।
নারী আসনে ৫৩ জনের মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
