উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঝরে পড়া ও শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে এ খাতের ভূমিকা আরও জোরদার করতে হবে।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক করতে সরকার কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি উল্লেখ করেন, শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি করা এ খাতের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারণের পাশাপাশি এর গুণগত মান নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাঠপর্যায়ে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে হলে তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান (এনডিসি), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রতিমন্ত্রীর
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
২ মাস আগে
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ১৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
