দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা। পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি ম্যাচে শেষ পর্যন্ত ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে গেছেন এ টাইগার পেসার। মিরপুরে অন্তত দুই ঘন্টা ব্যাটিং করা নিক কেলি ম্যাচের পর তাই বিস্ময় প্রকাশ করেছেন। এই গরমে এত গতিতে টানা বোলিং করে যাওয়ায় অবাক কিউই ওপেনার।
নিউজিল্যান্ডের হয়ে এদিন ১০২ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন কেলি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সেখানে কিছুক্ষণ ব্যাটিং করেছি। এই গরমে দৌড়ে এসে এত জোরে বোলিং করার কথা আমি ভাবতেই পারি না। প্রচণ্ড, প্রচণ্ড গরম।’
নাহিদের প্রশংসায় কেলি আরও বলেন, ‘সে খুবই প্রতিভাধর। ভালো গতিতে বল করে এবং আমার মনে হয় আজকের উইকেট তাকে বেশ সহায়তা করেছে। উইকেটে তার জন্য বাড়তি কিছু সুবিধা ছিল, ঘাসের পরিমাণও একটু বেশি ছিল। সে প্রায় ১৪০ থেকে ১৫০ এর মধ্যে গতিতে বল করার পাশাপাশি সুইংও করিয়েছে।’
