চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন। মো. নাজিম উদ্দিন (৫০), পটিয়া থানার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল আপিলের শর্তে আসামিকে জামিন দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
অভিযোগে বলা হয়, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম উদ্দিন। এ টাকা আনতে চাপ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ২০২০ সালের ১৪ই জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। এ সময় সন্তানসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর আদালতে মামলা দায়ের আবেদন করা হলে নগরের কোতোয়ালি থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন। ২০২০ সালের ১৭ই আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়া হলে ২০২১ সালের ২৭শে সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
চট্টগ্রামে যৌতুকের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
