জ্বালানি সংকট নিরসনে আমদানি করা ডিজেলের বড় চালান বন্দরে পৌঁছেছে। ইতিমধ্যে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডিজেল খালাস করছে। বহির্নোঙরে অপেক্ষা করছে ডিজেল নিয়ে আসা আরও দুইটি এবং অকটেন নিয়ে আসা একটি জাহাজ। সোমবার ভোর থেকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে খালাস করা হচ্ছে ‘এমটি ওকট্রি’ জাহাজে আনা প্রায় ৩৫ হাজার টন ডিজেল ও ‘এমটি কেপ বনি’ জাহাজের প্রায় ৩৩ হাজার টন ডিজেল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, ডলফিন জেটিতে দু’টি জাহাজ থেকে ডিজেল খালাস করা হচ্ছে। জ্বালানি চাহিদা পূরণে এই দু’টি জাহাজ থেকে দ্রুতগতিতে খালাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার টন ডিজেল এবং এমটি ‘নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার টন অকটেন।
জ্বালানি সংকটের মধ্যে গত ১৯ দিনে দেশীয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত ১৫ হাজার ১৭০ টন অকটেন নিয়েছে বিপিসি। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬১৫ টন অকটেন সরবরাহ করেছে সুপার পেট্রো পিএলসি। প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রোল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেলও দিয়েছে বিপিসিকে। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড অকটেন দিয়েছে ৩ হাজার ২৬৪ টন, পেট্রোল ১ হাজার ২৫৪ টন এবং ডিজেল ১ হাজার ৮৯৬ টন। অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রোল এবং ৫১৮ টন ডিজেল সরবরাহ করেছে বিপিসিকে।
