সুনামগঞ্জের দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বক্তারপুর-নয়াগাঁও লক্ষ্মীপুর ও বোগলাবাজার দুই ইউনিয়নের সংযোগ সেতু দীর্ঘ ২০ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। দ্রুত মেরামত ও উভয় পাশে অ্যাপ্রোচে মাটি ভরাট করে চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ ব্রিজটির মূল পাকা নির্মাণকাজ সম্পন্ন করলেও দুইপাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ কিংবা মাটি ভরাট করা হয়নি। ফলে ব্রিজটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসী জানান, পূর্বে এখানে একটি চলাচলযোগ্য সড়ক ছিল। কিন্তু ঢলের পানির প্রবাহে সেটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষের ভোগান্তি দূর হয়নি। বর্তমানে ব্রিজটি দাঁড়িয়ে থাকলেও তা কোনো কাজে আসছে না। ভাঙাপাড়ার বাসিন্দা বিলাল হোসেনসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি অচল পড়ে আছে। দ্রুত কাজ শেষ করে চালু করা হলে আমরা এই সড়ক দিয়ে সহজে চলাচল করতে পারবো। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ব্রিজটির অ্যাপ্রোচের কাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ব্রিজটির অ্যাপ্রোচে মাটি ভরাট করে এটিকে চলাচল উপযোগী করবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে। উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, এই কালভার্ট ব্রিজ এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
