রাণীনগরে ইফার কেয়ারটেকার নিয়োগে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

রাণীনগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের নীতিমালা লঙ্ঘন করে সাধারণ কেয়ারটেকার (জিসি) পদে ২ জনকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, সাধারণ কেয়ারটেকার (জিসি) পদে নিয়োগ নীতিমালা ও শর্ত অনুযায়ী আবেদনকারীর বাসস্থান রিসোর্স সেন্টার থেকে অবশ্যই ২ কিলোমিটারের মধ্যে হতে হবে। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির নীতিমালা ও শর্তাবলী লঙ্ঘন করে উপজেলার ৩ নং গোনা ইউপির সাধারণ রিসোর্স সেন্টারের শূন্য পদের বিপরীতে প্রায় ২০ কি.মি (আপ-ডাউন ৪০ কি.মি) দূরের কালিগ্রাম ইউপির রাতোয়াল গ্রামের মো. বাবু সরদারের ছেলে মো. ময়নুল ইসলামকে সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু এই ময়নুল ইসলাম আবার সি-গ্রেড সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক হিসেবে কর্মরত।
এ ছাড়া ২ নং কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. আবুবকর সিদ্দিককে ২০০৬ থেকে ২০ বছর ধরে প্রায় ১৩ কি.মি (আপ-ডাউন ২৬ কি.মি) দূরে কালিগ্রাম ইউপির রিসোর্স সেন্টারে সাধারণ কেয়ারটেকার পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বছরের পর বছর অফিস ফাঁকি দিয়ে বেতন-ভাতা উত্তোলন করলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অপরদিকে নীতিমালার শর্ত ভঙ্গ করে দু’টি নিয়োগের ঘটনা নিয়ে বিতর্ক ও তোলপাড় শুরু হওয়ায় একটি অভ্যন্তরীণ আদেশের মাধ্যমে উভয়ের রিসোর্স সেন্টার পরিবর্তন করে নিয়োগ প্রক্রিয়াটি বৈধ করার চেষ্টা চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে। একাধিক শিক্ষক ও সচেতন মহল অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিয়োগ এবং নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গোনা ইউপি’র সাধারণ রিসোর্স সেন্টারে কেয়ারটেকার পদে নিয়োগ পাওয়া মো. ময়নুল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে বৈধভাবে নিয়োগ পেয়েছি।
কালিগ্রাম ইউনিয়নের রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মো. আবুবকর সিদ্দিক বলেন, নিয়মিত অফিস করি এবং তার নিয়োগের সময় ২ কি.মি-এর মধ্যে বাসস্থানের নিয়ম ছিল না। আবুবকর সিদ্দিক বলেন, গত রমজান মাসে একদিনও রিসোর্স সেন্টারে যাইনি। সারা মাস জুড়ে যাকাতের টাকা তুলতে হয়েছে। অফিস যেভাবে চায় সেভাবেই কাজ করি। নিয়োগ প্রক্রিয়া বৈধভাবে হয়েছে কিনা জানতে চাইলে নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মারুফ রায়হান বলেন, এ বিষয়গুলো আমরা এককভাবে চাইলেই পারি না। ডিসি স্যারের সভাপতিত্বে নিয়োগ কমিটি আছে এবং নিয়োগ কমিটি যেটা মনে করেছে সেভাবেই কাজ হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন