টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার গোপালপুর উপজেলার মনতলা গ্রামের আতিকুল ইসলাম (৪০), অপরজন একই উপজেলার পাকুয়া গ্রামের বাসের হেলপার মজনু মিয়া (৪৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়-গোপালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলেই হেলপার ও সুপারভাইজার নিহত হন। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান-যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
