রায়পুরায় কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, সকালে কলেজে প্রবেশ করার পর বহিরাগত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং তাকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ। কলেজ সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে ২০২৫ সাল দীর্ঘ সময় ধরে নূর সাখাওয়াত হোসেন ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ।

চব্বিশের জুলাই আন্দোলনে ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন হলে তিনিও চলে যান আত্মগোপনে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মগোপনে থাকায় অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়। আত্মগোপনে থেকেও ফের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ পদে তার নামে জারি নতুন প্রজ্ঞাপন। নতুন করে স্বপদে বহাল হয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করলে তাকে বাধা দেয়া হয় বেশ কয়েকবার এবং এই চিহ্নিত সন্ত্রাসী চক্রটি কলেজের শিক্ষক ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন