ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের জনগণ তাদের আকাক্সক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন উইলিয়াম নানা আকুফো আদো। শনিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো এসব মন্তব্য করেন।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ প্রধান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা লক্ষ্য করা গেছে। তবে তিনি সব অংশীদারকে শান্ত ও সংযত আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো বিরোধ প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন। মিশন প্রধান আরও বলেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণ, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্তর্বর্তী সরকারসহ বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রশংসা করি।
তিনি বলেন, পরবর্তী সময়ের নির্বাচনী চক্রের দিকে তাকিয়ে, আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা পরিচালনা করার জন্য উৎসাহিত করি, যাতে ভালো অনুশীলনের লক্ষ্যে সব পর্যবেক্ষকের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের জনগণ তাদের আকাক্সক্ষা পূরণের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আমরা তাদের গণতান্ত্রিক ভবিষ্যতে ভাগাভাগিতে উদার এবং ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করি।
পরবর্তী নির্বাচনী চক্রের প্রস্তুতির প্রসঙ্গ তুলে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা পরিচালনার আহ্বান জানান, যাতে পর্যবেক্ষকদের সুপারিশগুলো অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে আরও উন্নত নির্বাচন আয়োজন সম্ভব হয়। সবশেষে তিনি সবাইকে উদারতা ও ঐক্যের মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
