নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন অ্যানিমেল রাইটস বিডি ৬৪ টিম, উপকূলীয় বনবিভাগের কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ স্থানীয় রেঞ্জ কর্মকর্তারা। অভিযানকালে অবৈধভাবে আটক রাখা চারটি টিয়া, তিনটি শালিক, তিনটি ঘুঘু এবং একটি বানরসহ মোট ১১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলো দীর্ঘদিন ধরে খাঁচায় বন্দি ছিল বলে জানা গেছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে সুস্থ সাতটি প্রাণীকে অবমুক্ত করা হয় এবং অসুস্থ চারটি প্রাণীকে চিকিৎসার জন্য বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। বনবিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, বন্যপ্রাণী আটক বা বাণিজ্য করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালীতে ১১ বন্যপ্রাণী উদ্ধার, ৭টি অবমুক্ত
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
