সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও তিন যুবক পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
গ্রেপ্তারকৃতরা হলোÑ মো. শান্ত (২০) ও ইমন মোল্লা (আশিক)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। অভিযুক্ত অন্য ধর্ষকরা এলাকার চিহ্নিত বখাটে এবং কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় রানা নামে প্রতিবেশী এক যুবককে মারধর করেছে বখাটেরা। অন্যদিকে ভুক্তভোগী মেয়েটি সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী ও থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী তরুণী ছোট বোনের বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে প্রতিবেশী বখাটে শান্ত তার গতিরোধ করে। একপর্যায়ে ওই তরুণীর বুকের ওড়না ছিনিয়ে নেয়। পরে তাকে ওড়না দেয়ার কথা বলে কৌশলে পাশর্^বর্তী লিটন মিয়ার বাড়ির দোতলায় নিয়ে যায়। সেখানে ৫ যুবক মিলে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ ছাড়া ধর্ষণের সময় তার ভিডিও ধারণ করে রাখে এবং কাউকে কিছু জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়।
ভুক্তভোগী তরুণীর বাবা আব্দুল্লাহ জানান, তার মেয়ে দু’দিন ধরে মন খারাপ করে বাসায় বসে থাকে এবং অসুস্থ হয়ে পড়েছে। এর কারণ জানতে চাইলে একপর্যায়ে মেয়েটি তার পরিবারকে ধর্ষণের বিষয়ে সব খুলে বলে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল্লাহ বিষয়টি সাভার মডেল থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শান্ত ও ইমন মোল্লা নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
