চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ববিতা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের প্রবাসী যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত গৃহবধূ ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক সানোয়ার হোসেনের মেয়ে। হত্যাকাণ্ড ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু নিয়ে গ্রামবাসীর মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত যুবক রাজন হোসেন (৩৫) একই গ্রামের ইউনুস আলীর ছেলে। রাজন হোসেন দুই মাস আগে সৌদি থেকে দেশে ফিরে আসেন। ঘটনার পরপরই রাজন হোসেন আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী নিহত ববিতা খাতুন ছিলেন স্বামী পরিত্যক্তা। তিনি পিতামাতার বাড়িতেই থাকতেন। ববিতা প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া করে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। ওইদিকে দিবাগত গভীর রাতে ববিতার আর্তচিৎকার শুনে পরিবারের লোকজন তার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গৃহবধূ পুলিশের নিকট জবানবন্দিতে বলেন, তাকে রাজন এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে গেছে। এ সময় রাজন হোসেনকে সে একটি লাথিও মারে বলে জবানবন্দিতে জানা যায়। জীবননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে পরদিন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। সেখানে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীদের ধারণা, তাকে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রবাসফেরত রাজন হোসেনের বিরুদ্ধে নিহত ববিতার মামা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ঘটনা শোনা মাত্রই পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছে খোঁজখবর নেয়। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে থানায় সদ্য প্রবাসফেরত যুবক রাজন হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত রাজন হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জীবননগরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা, প্রবাসফেরত যুবকের বিরুদ্ধে মামলা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
