নাজিরপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১

ফন্ট সাইজ:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতি করার সময়ে বাড়ির মালিক ও ডাকাতদের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাত বাহাদুর (১৯)। জানা গেছে, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে ৭-৮ জনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে নাজমুল হাসান (উজ্জ্বল) বাহাদুরের বাড়িতে প্রবেশ করে।

এ সময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাতদলের বাকি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে এক ডাকাত ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে আহত ডাকাতকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ডাকাতকে কিছু সময় পর মৃত ঘোষণা করেন।

একইসঙ্গে গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাত বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। নিহত ডাকাত বরিশাল জেলার হিজলা উপজেলার বিশোর গ্রামের মজিবর রাঢ়ীর ছেলে দুলাল রাঢ়ী (২৬) এবং পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী বলে জানা গেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পিরোজপুর নাসরিন জাহান পরিদর্শন করেছেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, আহত ডাকাতকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরে তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়া আহত বাড়ির মালিক ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন