সৌদিতে গাড়িচাপায় কটিয়াদীর যুবক নিহত

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদ শহরে পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই আলমগীর হোসেন (৩০) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়। ঘটনাটি শনিবার সৌদি সময় সকাল ৬টায় রিয়াদ শহরে ঘটে। নিহত আলমগীর হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের কৃষক মো. রমজান আলীর বড় ছেলে।

জানা যায়, সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজ করেন আলমগীর হোসেন। প্রতিদিনের মতো সড়ক পরিচ্ছন্নতার কাজ করছিলেন তিনি। হঠাৎ করে পেছন থেকে একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি সৌদিতে কর্মরত একই এলাকার সহকর্মীরা মুঠোফোনে তার বাড়িতে জানায়। তার মৃত্যুর সংবাদে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

আলমগীর হোসেন দুই বছর পূর্বে বিয়ে করেন। সংসারের সচ্ছলতার জন্য তিনি ১৩-১৪ মাস পূর্বে সৌদি আরবে পাড়ি জমান। দুই বছর পূর্ণ হলে ছুটি পাবেন। ছুটি পেলেই বাড়ি আসবেন। কিন্তু দুই বছর পূর্ণ না হলেও তিনি এখন বাড়ি আসবেন তবে লাশ হয়ে। সচ্ছলতার স্বপ্নকে মাটিচাপা দিয়ে এক বুক বিষাদের ছায়াকে সঙ্গী করে চিরবিদায় নিয়ে। নিহতের স্ত্রী জেসমিন আক্তার এবং দরিদ্র কৃষক বাবা রমজান আলী সন্তানের লাশ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন