হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দক্ষিণ চরহামুয়া কালীগঞ্জ নামক স্থানে খোয়াই নদীর তীর রক্ষা বাঁধের আশপাশের এলাকা থেকে এক্সকেভেটর দিয়ে মাটিকাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নদীর বাঁধ ভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে একটি প্রভাবশালী চক্র প্রতিদিন এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলন করছে। মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর। যার কারণে গ্রামীণ সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে গত ১৫ই অক্টোবর জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর এলাকাবাসীর পক্ষে দক্ষিণ চরহামুয়া এলাকার মৃত ছিদ্দিক আলীর পুত্র মো. আব্বাস আলী নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অপরদিকে, একই তারিখে একই ব্যক্তি এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ চরহামুয়া গ্রামের সৈয়দ হোসেনের পুত্র মাহবুবুর রহমান আওয়ামী লীগ সরকার শাসনামলে নিজেকে যুবলীগ নেতা ও বর্তমানে নিজেকে যুবদল নেতা পরিচয়ে মাটি উত্তোলন করে আসছে। মাটি উত্তোলনের ফলে নদীর বাঁধের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। স্থানীয়রা জানান, চরহামুয়া এলাকায় নদীর তীর ঘেঁষে নির্মিত তীররক্ষা বাঁধের আশপাশের এলাকা থেকে ট্রাক্টরযোগে প্রতিদিন মাটি কেটে নেয়া হচ্ছে। এতে বাঁধের নকশা ও কাঠামো দুর্বল হয়ে পড়েছে। বাঁধ ভাঙনের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে নদী পাড়ের কয়েক গ্রামের মানুষ। খোয়াই নদীর এ বাঁধটি হবিগঞ্জ শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে বন্যা, নদীভাঙনে হাজারো মানুষ দুর্ভোগে পড়বে। এসব অভিযোগ ও আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দু’টি ট্রাক্টর ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খোয়াই নদী থেকে অবৈধ মাটি উত্তোলনের অভিযোগ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
