নয়া কোচ ও ৪ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ফন্ট সাইজ:

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে শান মাসুদের নেতৃত্বে গতকাল ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন চারজন নতুন মুখ। তারা হলেন-আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সফরের সবচেয়ে বড় চমক ডাগআউটে। পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে এই সিরিজ দিয়েই অভিষেক হতে যাচ্ছে সাবেক সফল অধিনায়ক সরফরাজ আহমেদের। সরফরাজের অধিনায়কত্বে ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও পাকিস্তান শাহিনসের (’এ’ দল) মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। নতুন প্রধান কোচের তত্ত্বাবধানে পাকিস্তানের কোচিং প্যানেলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক ক্রিকেটে ১২ সেঞ্চুরিতে ৬ হাজারের বেশি রান করা আসাদ শফিক। আর বোলিং কোচ হিসেবে দেখা যাবে চারশ’র বেশি উইকেট নেয়া উমর গুলকে।
টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭শে এপ্রিল থেকে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে পাকিস্তান দল। ক্যাম্প শেষে ২রা মে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ক্রিকেটাররা এবং ৩রা মে ঢাকায় পৌঁছাবেন তারা। একই দিনে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হবে। টেস্ট দলের কোনো খেলোয়াড় পিএসএল ফাইনাল খেললে তিনি কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দেবেন।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ই মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ই মে দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে যাবে চা-নগরী সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান ও সৌদ শাকিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন