পাবনার চাটমোহরে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেয়ার অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে শনিবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মোহর চাঁদের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। জানা গেছে, সদ্য শেষ হওয়া চড়ক পূজা নিয়ে আওলাদ একটি ভিডিও বানান।
সেখানে তিনি হিন্দুদের দেব-দেবী ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গত বুধবার ভিডিওটি ‘কেসিপি মিন্টু ব্লগস (শপঢ় সরহঃঁ াষড়মং)’ নামের একটি আইডি থেকে পোস্ট দেন। এরপর ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের নজরে আসে এবং সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার এ ঘটনার প্রেক্ষিতে আওলাদ হোসেনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই আওলাদকে আটক করা হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী জানান, চাটমোহরে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
