রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত অটোরিকশাচালকের নাম সাগর শেখ বাবু (৩৭)। গত ১৩ই এপ্রিল দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন (৫৫)কে কিল-ঘুষি মেরে হত্যা করে পালিয়ে যায় গ্রেপ্তারকৃত অটোরিকশাচালক সাগর শেখ বাবু। গ্রেপ্তারের পর পিবিআই ঢাকা মেট্রো উত্তর বলছে, তর্ক-বিতর্কের জেরে আক্রোশবশত বৃদ্ধ নিরাপত্তা প্রহরীকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায় অটোরিকশাচালক সাগর শেখ বাবু।
গতকাল দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও ৬০ ফিটে অবস্থিত পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, ওইদিন উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন সাগর শেখ বাবু। পূর্বানুমতি ছাড়া আবাসিক এলাকায় প্রবেশ করা যাবে না মর্মে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন। এনিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালক সাগর শেখ বাবু বৃদ্ধ প্রহরীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি মারেন। তাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান প্রহরী সালাহউদ্দিন। পালিয়ে যান অটোরিকশাচালক সাগর শেখ বাবু। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে কলাবাগান গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরের দিন বিকাল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডিএমপি’র পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৭। স্ব-উদ্যোগে মামলার ছায়া তদন্ত শুরু করছিল পিবিআই ঢাকা মেট্রো উত্তর। নিরাপত্তাকর্মী সালাহউদ্দিনকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দিগ্ধ ঘাতক অটোরিকশাচালক সাগর শেখ বাবুকে শনাক্ত করে গত শুক্রবার ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাগর শেখ বাবুর দেয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার প্রসঙ্গে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমানের নেতৃত্বে একটি দল ঢাকার শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলীসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। পুলিশের তৎপরতা টের পেয়ে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে অটোরিকশা চালক সাগর শেখ বাবু। পরে গত ১৭ই এপ্রিল ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে সাগর শেখ বাবুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও ১৬৪ ধারায় দেয়া জবানবন্দির তথ্য তুলে ধরে পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃত অটোরিকশাচালক সাগর শেখ বাবু আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তর্ক-বিতর্কের জেরে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি ও আঘাত করে। এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতার ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত সাগর শেখ বাবু।
