স্কটল্যান্ডকে হারিয়ে হাঁফ ছাড়লো ইংল্যান্ড

স্কটল্যান্ডকে হারিয়ে হাঁফ ছাড়লো ইংল্যান্ড

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি ছিল ‘বাঁচা-মরার’ লড়াই। কলকাতার ইডেন গার্ডেনে স্কটিশদের কাছে হারলে সুপার এইটের স্বপ্ন প্রায় শেষ হয়ে যেতো ইংল্যান্ডের। এমন সমীকরণ মাথায় নিয়ে স্কটল্যান্ডের দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড বিপদে পড়েছিল । তবে টম ব্যান্টনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে গ্রুপ ‘সি’তে তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে হারালেই সুপার এইটে খেলা নিশ্চিত হবে তাদের। অন্যদিকে তিন ম্যাচের দুটিতে হেরে সুপার এইটের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে স্কটল্যান্ড।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে ফিল সল্ট আর দ্বিতীয় ওভারে জস বাটলারকে হারায় দলটি। স্কটিশ বোলার ব্র্যান্ডন ম্যাকমুলেন ও ব্র্যাড কারির তোপে প্রথম ৪ ওভারে ২ উইকেটে ২১ রান তোলে ইংল্যান্ড। এসময় কোনো বাউন্ডারিই মারতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে প্রথম ৪ ওভারে পূর্ণ সদস্য দেশের বাউন্ডারি না মারার এটি তৃতীয় ঘটনা।
ইনিংসের ২৭তম বলে প্রথম বাউন্ডারি পায় ইংল্যান্ড। ১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন টম ব্যান্টন। আগের দুই ম্যাচে মাত্র ৪ রান করা ব্যান্টন নিজেকে মেলে ধরেন। জ্যাকব বেথেলের সঙ্গে ৬৬ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন তিনি। বেথেল ৩২ রান করে ফিরলেও স্যাম কারেনের (২৮) সঙ্গে আরও ৪৬ রান যোগ করেন ব্যান্টন। শেষ পর্যন্ত ৪১ বলে ৬৩ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড দারুণ শুরু পায়। রিচি বেরিংটনের ৪৯ এবং টম ব্রুসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটে ১১৩ রান তুলে। কিন্তু জফরা আর্চার ও আদিল রশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দিকে ধস নামে স্কটিশ ইনিংসে। ১৯.৪ ওভারে ১৫২ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। এদিন ইংল্যান্ডের হয়ে ৫০তম টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক গড়েন আর্চার। আদিল রশিদ নেন ৩ উইকেট।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন