নির্দেশ অমান্য করে চলছে অবৈধ পাথর ভাঙা মেশিন

ফন্ট সাইজ:

দিনাজপুরের পার্বতীপুরে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে চলছে অবৈধ পাথর ভাঙা মেশিন। জানা যায়, পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার খোট্টার ডাঙ্গা জামে মসজিদ সংলগ্ন স্থানে নতুন করে পাথর ভাঙা মেশিন বসানোর অপতৎপরতা শুরু করে মেসার্স আবু সিদ্দিক ট্রেডার্স। এতে গ্রামবাসী প্রতিবাদমুখর হয়ে মেসার্স জাহাঙ্গীর পাথর ভাঙা মেশিন, মেসার্স আল-আমীন পাথর ভাঙা মেশিন বন্ধের দাবিতে গণস্বাক্ষর সম্বলিত আবেদন পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের প্রেরণ করেন। এর প্রেক্ষিতে গত বছরের গত ১৩ই জুলাই দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে সরজমিন পাথর ভাঙা মেশিনসমূহ পরিদর্শন পূর্বক সদর দপ্তরে প্রতিবেদন দাখিল করেন। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকা-এর পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন স্বাক্ষরিত পত্রে লিখিত নির্দেশনায় বলা হয়েছে একই বছরের ২০শে অক্টোবর উভয়পক্ষের শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে উক্ত প্রতিষ্ঠান ২০শে অক্টোবর থেকে বন্ধ রাখার নির্দেশনা এবং ১৫ দিনের মধ্যে অন্যত্র পরিবেশ সম্মত স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে গণআবেদনকারীর পক্ষে অভিযোগকারী মো. নুরুজ্জামান বলেনÑ পাথর ভাঙা মেশিন বন্ধ এবং অপসারণের নির্দেশ দেয়ায় আমরা আনন্দিত হয়েছিলাম। কিন্তু পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এখনো মেশিনগুলো বন্ধ হয়নি। এ বিষয়ে দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করলেও কাজ হয়নি। তিনি শুধু সময়ক্ষেপণ করছেন এবং মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। নিজের দায়িত্ব অন্যের কাঁধে রাখার কৌশল হিসেবে তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন