রাজশাহীর পুঠিয়ায় পৃথক দু’টি অভিযানে তেল মজুত করে বেশি দামে বিক্রি এবং ফসলি জমির মাটি কাটার অপরাধে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধোপাপাড়া বাজারে অভিযান চালিয়ে তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মজুত করে রাখা ৭ ব্যারেল ডিজেল উদ্ধার করে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালোপাড়া এলাকায় আরেকটি অভিযানে ফসলি জমির মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো এবং ফসলি জমির মাটিকাটা, দুইটিই জনস্বার্থবিরোধী অপরাধ। এসব অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পুঠিয়ায় তেল মজুত ও ফসলি জমির মাটি কাটায় জরিমানা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
