ফরিদপুরের সালথায় গভীর রাতে মাদক মামলার আসামির বসতঘরে ঢুকে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এক এএসআই। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আটক পুলিশের এক এএসআই মো. ইমরান হাসান (৪০)কে থানা পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত এএসআই ইমরান রামকান্তপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ওই পুলিশ কর্মকর্তার দাবি- তিনি আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। আর মাদক মামলার আসামির পরিবারের দাবি- এটি পরকীয়ার ঘটনা। এএসআই ইমরানের আটকের ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এএসআইয়ের গায়ে পুলিশের পোশাক নেই। প্যান্ট ও টিশার্ট পরা। তার মাথা কাপড় দিয়ে বাঁধা। মুখে রক্তমাখা। গভীর রাতে নারীর ঘরে একা ঢুকে পরকীয়ার অভিযোগ তুলে কোনো এক ব্যক্তি তার গায়ে আঘাত করছেন। তখন এএসআই ইমরান বলতে শোনা যায়, তুই আমার ভাই না, মারিস কেন? পরে ইমরানের পকেট থেকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেট পাওয়া যায় বলে দাবি করেন ভিডিও ধারণকারী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বলিভদ্রদিয়া এলাকার মো. মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে সালথা ও পার্শ্ববর্তী বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মাদক মামলার সুবাদে এএসআই ইমরান মেহেদীর বাড়িতে যাওয়া-আসা করতেন। যার প্রেক্ষিতে মেহেদীর স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এএসআই ইমরানের দাবি- মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। তবে সাদা পোশাকে এক রাতে আসামিকে একা ধরতে যাওয়ার ব্যাখ্যা জানতে চাইলে তিনি নিরুত্তর থাকেন। আসামি মেহেদী বলেন, আমি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ব্যবসায়িক কাজে আমি মাঝে মাঝে বাইরে থাকি। এই সুযোগে ইমরান আমার বাড়িতে এসে স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে আমি স্ত্রীর সঙ্গে ইমরানের কুরুচিপূর্ণ কথোপকথনের অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ সংগ্রহ করি। এরইমধ্যে ঘটনার দিন ইমরান ঘরে ঢুকলে এলাকাবাসী তাকে আটক করে। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে গভীর রাতে একা কেন মাদকের আসামি ধরতে গেলেন? এ প্রশ্নের উত্তর না দিয়ে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গভীর রাতে আসামির স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, পিটুনি দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
