৩ ম্যাচে ১১ উইকেট, উড়ছেন মার্কিন পেসার স্কলকভাইক

৩ ম্যাচে ১১ উইকেট, উড়ছেন মার্কিন পেসার স্কলকভাইক

ফন্ট সাইজ:

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের দিন একই রূপে অবতীর্ণ হলেন শাডলি ভ্যান স্কলকভাইক। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ৪টি করে উইকেট নেয়া এ মার্কিন পেসার এদিন নিলেন ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে প্রথম তিন ম্যাচেই স্কলকভাইকের উইকেট হলো ১১টি। এদিন দুর্দান্ত জয় তুলে নিলো যুক্তরাষ্ট্রও। ডাচ্‌দের বিপক্ষে মার্কিনীদের জয় ৯৩ রানে। আইসিসি’র সহযোগী দেশ হিসেবে সীমিত সংস্করণের বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড এটি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। রান তাড়ায় ১৫.৫ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। তবে সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার নামের পাশে। ২০০৭-এ প্রথম আসরেই কেনিয়াকে ১৭২ রানে হারায় লঙ্কানরা। চলমান আসরে এখন পর্যন্ত বল হাতে তার চেয়ে বেশি দ্যুতি কেউ ছড়াতে পারেননি। দুইয়ে থাকা জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির উইকেট ৭টি।
আসরে প্রথম দুই ম্যাচেই কঠিন পরীক্ষায় বসে যুক্তরাষ্ট্র। ভারতের বিপক্ষে স্কলকভাইক তো কাঁপনই ধরিয়ে দেন ব্যাটারদের মনে। এক ওভারেই তিন উইকেটসহ সাকুল্যে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নেমেও একই ৪ ওভারে ২৫ রানে ৪টি উইকেট নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওভারেই নিজের খাতা খোলেন স্কলকভাইক। শেষ পর্যন্ত ২.৫ ওভারে উইকেট নেন ৩টি। গত বিশ্বকাপে যেখানে কানাডা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড চার দলের বিপক্ষে একটিও উইকেট পাননি, সেখানে এবার প্রথম তিন ম্যাচেই ঝুলিত ভরলেন ১১ উইকেট!
এমন কিছু নিজের কাছেও অবিশ্বাস্য লাগছে স্কলকভাইকের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটিকে বাস্তব মনে হচ্ছে না। সত্যিই মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি এবং আমার ক্রিকেট জীবনের হয়তো সবচেয়ে অদ্ভুত অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। উচ্ছ্বসিত নই বললে মিথ্যা বলা হবে।’ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জন্ম ও বেড়ে ওঠা স্কলকভাইকের। তার বিদ্যার হাতেখড়ি বিখ্যাত ওয়াইনবার্গ হাইস্কুলে, যেখান থেকে উঠে এসেছে এসেছেন জ্যাক ক্যালিস, অ্যালাম ল্যাম্ব, রিচার্ড লেভিড় মতো ক্রিকেটাররা। কয়েক বছর আগেও স্কলকভাইক খেলতেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণির ৯৭ ম্যাচে তার উইকেট ২৩৯টি, রান আড়াই হাজারের বেশি।
ক্যারিয়ারের সায়াহ্নে স্কলকভাইক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ছোটখাটো লীগে খেলতে। সেখানেই নতুন কিছু অপেক্ষা করছিল তার জন্য। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের দল গড়ার প্রচেষ্টায় ডাক পান স্কলকভাইকও। সেখান থেকে নতুন পথচলার শুরুর পর এবার এমন সাফল্যে তার সামাজিক যোগাযোগমাধ্যমের ইনবক্স ছেয়ে গেছে শুভেচ্ছা বার্তায়। স্কলকভাইক বলেন, বিষয়টি পুরোপুরি হজম করতে পারছি না। সকালে ঘুম থেকে ওঠার পর আমার স্ত্রী বলছে, ‘বিশ্বাস করতে পারছো? গোটা জীবনে সম্ভবত সবচেয়ে বেশি মেসেজ এখন পাচ্ছি। হোয়াটসঅ্যাপে হয়তো ৩৪০টির মতো পেয়েছি, ইনস্টাগ্রামে একশ’র বেশি। দুর্ভাগ্যজনকভাবে এখনো সেসব দেখার সময় করে উঠতে পারিনি।’
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল নামিবিয়ার বিপক্ষে নামবে যুক্তরাষ্ট্র। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর সাড়ে ৩টায়।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন