মাদ্রিদ ওপেনে অনিশ্চিত জোকোভিচ

ফন্ট সাইজ:

ক্লে-কোর্ট মৌসুম শুরু হতে চললেও ইনজুরি কাটিয়ে উঠতে পারছেন না টেনিসের মহাতারকা নোভাক জোকোভিচ। কাঁধের পুরনো চোট আবারো মাথাচাড়া দিয়ে ওঠায় আসন্ন মাদ্রিদ ওপেনে তার অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা বর্তমানে শারীরিক ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ গত কয়েক সপ্তাহ ধরেই টেনিস কোর্টের বাইরে। এই কাঁধের ইনজুরির কারণেই তাকে মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করতে হয়। সবশেষ মন্টে কার্লো মাস্টার্সেও তিনি অংশ নিতে পারেননি। মূলত মে মাসে অনুষ্ঠেয় ফ্রেঞ্চ ওপেনের আগে তার প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই চোট। জোকোভিচকে সর্বশেষ দেখা গিয়েছিল ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে। যেখানে তিনি জ্যাক ড্রেপারের কাছে চতুর্থ রাউন্ডে হেরে বিদায় নেন। এছাড়া মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন তিনি। মাদ্রিদ ওপেনের আগে অনুশীলনের জন্য স্পেনে পৌঁছালেও নিজের ফিটনেস নিয়ে এখনো আত্মবিশ্বাসী হতে পারছেন না জোকোভিচ। বৃহস্পতিবার মাদ্রিদে একটি বাস্কেটবল ম্যাচ উপভোগ করতে এসে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছি এবং সে লক্ষ্যেই কাজ করছি। তবে আমি নিশ্চিত নই। শারীরিক ইনজুরির কারণে আমাকে কিছুটা লড়াই করতে হচ্ছে, তাই সেটি সারিয়ে তুলে যত দিন সম্ভব খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ খেলার চাপ কম থাকায় অন্যান্য খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘এখনো হাতে কিছুটা সময় আছে, খুব একটা খেলা হচ্ছে না। তাই অন্য খেলাগুলো এবং অ্যাথলেটদের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ পাচ্ছি।’ আগামী সোমবার মাদ্রিদ ওপেনের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টটি চলবে ২২শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত। তবে জোকোভিচের মূল লক্ষ্য হলো ২৪শে মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন। সেখানে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ সার্বিয়ান কিংবদন্তির।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন