সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ও অবৈধভাবে নামজারি চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল সকাল ১১টার দিকে রায়গঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দাবিদার আরতি রানী দাস, উর্মিমালা রানী দাস ও নরেন্দ্রনাথ দাস। লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিবপুর মৌজায় সিএস রেকর্ড অনুযায়ী সুরেন্দ্র নাথ দাস, যোগেন্দ্রনাথ দাসসহ অন্যদের নামে ৪৬ শতক জমির মালিকানা বিদ্যমান। এ অবস্থায় প্রতিপক্ষ স্বপন চন্দ্র দাস গং গত ১৬ই মার্চ দলিলের মাধ্যমে ৩৪ শতক জমি মৃত রেফাত উদ্দিন শেখের ছেলে মো. বেলাল হোসেনের কাছে বিক্রি করেছেন, যা আইনগতভাবে শর্তবহির্ভূত বলে দাবি করেন ভুক্তভোগীরা।
তারা অভিযোগ করেন, রাজেন্দ্রনাথ দাস ও তার ভাইয়েরা জীবিত অবস্থায় পিতা-মাতার কাছ থেকে পাওয়া জমি বিক্রি করে দেন। কিন্তু তার মৃত্যুর পর তার চার ছেলে পূর্বে বিক্রি করা জমির একটি অংশ পুনরায় অবৈধভাবে বিক্রি করেছেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়- জমিটি নিয়ে বর্তমানে বিরোধ সৃষ্টি হয়েছে এবং আদালতের ১৪৪ ধারার আওতায় জমিটি তাদের দখলে রয়েছে। এরপরও প্রতিপক্ষ স্বপন চন্দ্র দাসসহ কয়েকজন মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা। একইসঙ্গে ঘুষের মাধ্যমে জমিটি নিজেদের নামে অবৈধভাবে নামজারি করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।
এ ঘটনায় উপজেলা ভূমি অফিস, রায়গঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দলিলের ভিত্তিতে ক্রয়কারী ব্যক্তির নামে নামজারি না দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
