রাজশাহীর পুঠিয়ায় চাঁদার টাকা না দেয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুঠিয়া রাজবাড়ী এলাকার আনছার খলিফার ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খোলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। এ সময় নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে মাইনুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। পরে জুয়েলকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, স্থানীয়রা আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
