রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক বরখাস্ত

ফন্ট সাইজ:

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল ঘেরাও করার ঘটনায় শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডল (৪৩)কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একাধিক সূত্রে জানা গেছে, ৮ই এপ্রিল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসেছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক শ্রীদাম রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। পরবর্তীতে ওই ছাত্রী বাড়িতে বিষয়টি তার পরিবারকে জানালে গত বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয়রা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরাও করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. রাকিবুল হাসান শিক্ষক শ্রীদামকে সাময়িক বরখাস্ত করেন। অভিযোগের বিষয়ে জানতে শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন