সাভারের যাদুরচরের একটি মাদ্রাসার দুই শিক্ষার্থীর মারামারির ঘটনায় গুরুতর আহত অবস্থায় গোলাম রহিম নামে একজনের মৃত্যুর ঘটনায় ইব্রাহিম (১৩) নামে অপর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দু’জনই সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার সাওতুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী গোলাম রহিম হেমায়েতপুর যাদুরচর এলাকার আমিরুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে- গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে হেমায়েতপুরে যাদুরচর এলাকায় অবস্থিত সাওতুল কোরআন মাদ্রাসার আবাসিক কক্ষে মাদ্রাসাছাত্র রহিম ও ইব্রাহিমের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে গুরুতর আহত হয় রহিম। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে গত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করে। পরে গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে নিহত শিক্ষার্থীর মরদেহটি ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
