গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

ফন্ট সাইজ:

নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউলী খাতুনের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে ওই অভিযোগ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, আলী আহাদ ফারুকী প্রমুখ। উপজেলা প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান তারা। বক্তারা বলেন- ৩৬ বছর ধরে মরহুম জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে এডভোকেট মোতালেব আনাম ওই মসজিদের জায়গার ওপর বসতবাড়ি করে আছেন। ফলে মসজিদে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে।

প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়। এছাড়া মসজিদ সংলগ্ন কবরস্থানের সঙ্গে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন শিউলী। ভুক্তভোগী আলী আহাদ বলেন- বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম। আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। অভিযুক্ত আইনজীবী আনাম বলেন- এটা আমার পৈতৃক সম্পত্তি। যা মেয়ে শিউলীর নামে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে। স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন- শিউলী ও তার বাবা ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। হামলা-মামলার ভয়ে আনাম পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না। উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন- তদন্ত করে উভয়পক্ষের শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন