রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ আসামির ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে প্রত্যেক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ই এপ্রিল বিকালে মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী রোডের বাঁশবাড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব শত্রুতার জেরে এলেক্স ইমনকে একা পেয়ে ঘিরে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেপ্তার আসামিরা হলোÑ সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ূষ (২৬), মো. তুহিন বিশ্বাস (২৪), মো. রাব্বি কাজী (২৫), মো. রানা (৪০), মো. সুমন ওরফে পাখির পোলা সুমন (২৬) এবং মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২৫)। এদের মধ্যে রাসেলকে র্যাব গ্রেপ্তার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাধন কুমার মণ্ডল জানান, গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
এ ছাড়া কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে দায়ের করা এ মামলায় ২১ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
