মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের কৃষক আলী হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির তিনটি কাঠের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলী হোসেন (৫৫)-এর গলায় ধারালো অস্ত্র ধরে তার ছেলে সজীব (২৪) কে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় আলী হোসেনের স্ত্রী রাহিমা বেগম (৫০) কে মারধর করে। পরে তিনটি ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, এক ভরি রুপা ও নগদ ১৫ হাজার টাকাসহ পাঁচটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। আলীর পারিবারিক সূত্র জানায়, গত বুধবার আলীর ছেলে ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেছিল। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা ডাকাতির সময় উত্তোলন করা টাকা কোথায় রেখেছে তা জানতে চায়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগরে দুুর্ধর্ষ ডাকাতি
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
