চৌদ্দগ্রামে প্রমির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন- ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তার পরিবারের সদস্যরা গত ৯ই এপ্রিল রাতে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের ভাড়া বাসায় প্রমিকে হত্যা করে। তরুণ এ নারী উদ্যোক্তাকে হত্যার ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। অবিলম্বে ঘাতক স্বামী, তার বোন ও মা, বন্ধু রিজভীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেয়া প্রমির বোন সাজেদা আক্তার অভিযোগ করে বলেন- মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই রাজীব কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা করছে না। বরং আসামিদের পালিয়ে যেতে ও দেশ ত্যাগে সহযোগিতা করছেন। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, এনসিপি’র চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ই এপ্রিল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগরের একটি ভাড়া বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস, তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী, মা মারজান বেগম ও বোন নাসরিন আক্তারকে আসামি করে চট্টগ্রামের বায়েজিদ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন