সিলেটের দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল সিলেট মহানগর পুলিশ। তবে দু’দিন পরই নিজেদের এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। বুধবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ই এপ্রিল বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল- তা বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পূর্বের ন্যায় সকল মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হোটেল, রেস্তরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানায় পুলিশ। এর আগে গত ১২ই এপ্রিল সিলেটের দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
