নেত্রকোণায় ফের ৩১ হাজার লিটার ডিজেল জব্দ

ফন্ট সাইজ:

নেত্রকোণায় অবৈধভাবে ডিজেল মজুত রাখার অভিযোগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের ঠাকুরাকোণা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে ‘মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’ নামে দু’টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে অভিযুক্ত করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৃথক দু’টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। জব্দকৃত জ্বালানি সরকারিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ, এর আগে নেত্রকোণা ও কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ মজুত রাখা ডিজেল জব্দসহ আইনগত ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন