নালিশি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর

ফন্ট সাইজ:

একটি নালিশি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন। এর আগে গেল ৭ই এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পিবিআই’র প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালে করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দেয়। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী কে পি শর্মা ৭ই এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার জামিন দেয়া হয়। এদিকে, ২০২৪ সালের ২৬শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন