বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত ১

ফন্ট সাইজ:

বাগেরহাটের কচুয়ায় ওসমান সরদার (২৯) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওসমানসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। নিহত ওসমান বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। নিহতের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা এলাকায় স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ঘোড়া প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএএইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে এ আসনে বিজয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন