ময়মনসিংহ সদরে বিড়ি চাওয়ায় যুবককে ছুরিকাঘাত করে সোহেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয় জনতার পিটুনিতে মাদকাসক্ত নিহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে নিহত সোহেলের মা শাহনাজ বেগম বাদী হয়ে ১১ জনের নামে ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। নিহত সোহেল মিয়া উপজেলার ভাবখালি ইউনিয়নের আব্দুল গফুরের ছেলে। জানা গেছে, সোহেল মাদকাসক্ত। ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সে। এ সময় এক যুবক তার কাছে বিড়ি চায়। এ ঘটনায় দু’জনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোহেল ওই যুবককে ছুরিকাঘাত করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেরে সোহেলকে গণপিটুনি দেয়। এলোপাতাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা হয়েছে। ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিড়ি চাওয়ায় ছুরিকাঘাত গণপিটুনিতে মাদকাসক্ত যুবক নিহত
ময়মনসিংহ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
