সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের অনুষ্ঠান ঘিরে স্বজনদের বিরোধের জেরে আঞ্জু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ধল পূর্ব আশ্রম গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জু ওই গ্রামের মৃত ছাদ উল্লার ছেলে ও বরের আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে একই গ্রামের মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। তবে বরের স্বজন আনহার (মৃত আহাদ উল্ল্যার ছেলে) ও তার পরিবারের এ বিয়েতে আপত্তি ছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুর দেড়টার দিকে কনের বাড়িতে বিয়ের আসবাবপত্র নেয়া-আনার সময় আনহারের ছেলে-মেয়েরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আঞ্জু মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এরপর আনহার ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
বিয়ের দিনে স্বজনদের হামলা: দিরাইয়ে কৃষক খুন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
