নড়াইল-২ আসনে পরাজিত ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মারাত্মক আহত ১ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার গাবতলা এলাকায় পরাজিত প্রার্থী ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকদের সঙ্গে অপর পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের দু’নারীসহ প্রায় ২০ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ধানের শীষের পক্ষের রাব্বি নামে একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তারা গাবতলায় চায়ের দোকানে বসেছিলেন। অতর্কিতভাবে ধানের শীষের লোক তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এসে তারা আবার হামলার চেষ্টা করে। এ ঘটনার পর হাসপাতালের মূল গেট আটকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা তাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে যায়। তারা বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের ৫ জন আহত হয়। তাদের মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন- কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২৯
নড়াইল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
